বিগত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদদের কবর পাকা করার জন্য অন্তর্বর্তী সরকার প্রতিটি কবরের বিপরীতে দুই লাখ টাকা করে বরাদ্দ দিয়েছিল। তবে সরেজমিনে গিয়ে অনেক কবরের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, শহীদদের কবর সংরক্ষণে বরাদ্দকৃত অর্থের ব্যবহারে অনিয়ম হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় আরও অনেক অনিয়মের তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন নিয়েও সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকার ইচ্ছাকৃতভাবে এ কার্যক্রম এগিয়ে নেয়নি। ফলে বর্তমান সরকারকে নতুন করে উদ্যোগ নিতে হচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক ত্যাগী জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি। বর্তমান সরকার তাদের গেজেটভুক্ত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেন, বিএনপির ইতিহাসে গণহত্যা বা দেশবিরোধী কোনো কলঙ্ক নেই। যাদের ইতিহাস কলঙ্কিত, তারাই সত্য আড়াল করতে চায়।