জামায়াতে ইসলামী ও কওমি আলেমদের একাংশের রাজনৈতিক সম্পৃক্ততার সমালোচনা করে জামায়াতে যোগদানের বিষয়ে সতর্ক করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে কওমি ঘরানার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যারা জামায়াতে যোগদান করবেন তারা পথভ্রষ্টতার পথে পা বাড়াবেন।’
কওমি অঙ্গনের সবাই জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে যাবে—এমন ধারণারও সমালোচনা করেন মুফতি আব্দুল মালেক। তিনি বলেন, ‘সব কওমি চলে যাবে জামায়াতে’—এমন ধারণা ঠিক নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, পুরো কওমি অঙ্গন জামায়াতের সঙ্গে যুক্ত হলে তা ‘পথভ্রষ্টতা’র দিকে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, কওমি অঙ্গনের সবাই জামায়াতের দিকে যাবে—এমন প্রত্যাশা করার কারণ নেই। বরং কওমি অঙ্গনের অনেকে নিজেদের অবস্থান ধরে রাখবেন বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের সঙ্গে কওমি আলেমদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে মুফতি আব্দুল মালেক বলেন, কওমি অঙ্গনের একটি অংশ যদি অন্য রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়, তাতে পুরো কওমি সমাজ একই পথে যাবে—এমনটি ভাবার সুযোগ নেই।
এ সময় জামায়াতের সঙ্গে থাকা কওমি ঘরানার কেউ কেউ ভবিষ্যতে সেখান থেকে ফিরে আসতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ‘কিসমত ভালো যাদের তারা ওই দিক থেকে এই দিকে চলে আসবে।’
মুফতি আব্দুল মালেকের এসব বক্তব্য মূলত জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ ও কওমি আলেমদের একাংশের সঙ্গে দলটির রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে তাঁর ব্যক্তিগত অবস্থান ও সমালোচনার প্রতিফলন।