শুধু পদ্মা ব্যারেজ নয়, এর পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজও শুরু করবে বিএনপি সরকার বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অনেকেই বড় বড় কথা বললেও বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
এর আগে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে যাত্রা শুরু করে বিশেষায়িত প্রতিষ্ঠান ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’। দিনব্যাপী গাজীপুর সফরের অংশ হিসেবে বুধবার দুপুরে টঙ্গীর সাতাইশ এলাকায় এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি তালগাছের চারা রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে ব্যারেজ নির্মাণের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানি সংকট তৈরি হচ্ছে। দেশের মানুষ যেন পর্যাপ্ত পানি পায়, সেজন্য পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, ফারাক্কা বাঁধের কারণে সমুদ্রের পানি ঢুকে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ছে। এই সংকট মোকাবিলায় বিএনপি সরকার পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এবং পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজও শুরু করবে।
সরকারপ্রধান বলেন, “বড় বড় কথা নয়, কাজ যদি কেউ করে থাকে বিএনপি করেছে।” তিনি দাবি করেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তিনি বলেন, দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে ক্ষয়ক্ষতি কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।
এ সময় তিনি আরও জানান, প্রতিশ্রুত খাল খনন কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।