প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে, যাতে চীনা বিনিয়োগকারীরা সরাসরি সহায়তা ও তথ্যসেবা পেতে পারেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের চেয়ারম্যান রেন হংবিন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে সহায়তা খোঁজার অপেক্ষায় থাকতে হবে না। নতুন বিনিয়োগ কার্যালয় তাদের আরও কাছাকাছি থেকে তথ্য, পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহায়তা করবে।
তিনি জানান, বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিকে আরও আধুনিক ও কার্যকর করার কাজ চলছে, যাতে বিনিয়োগকারীরা অধিক আস্থা, সুরক্ষা এবং ব্যবসাবান্ধব পরিবেশ পান।
তারেক রহমান বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য বিডা ইতোমধ্যে একটি বিশেষায়িত সম্পর্ক ব্যবস্থাপনা ডেস্ক এবং একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছে। সেখানে বিভিন্ন খাতের বিনিয়োগ সুযোগ, প্রণোদনা এবং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
তিনি আরও জানান, নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে ১৫ দিনেরও কম সময়ে নতুন ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যক্রম শুরু করতে পারবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল অবকাঠামো, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্পসহ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সবকিছু নিখুঁত নয়, তবে সরকার বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে সচেতন এবং সেগুলোর সমাধানে কাজ করছে। তিনি চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশে আসুন, বাংলাদেশে বিনিয়োগ করুন। আসুন, সমতার ভিত্তিতে অংশীদারিত্ব গড়ে তুলে একসঙ্গে সমৃদ্ধ হই।”