আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ প্রণয়ন করেছিল। এর মধ্যে অধিকাংশই সরকার নীতিগতভাবে গ্রহণ করেছে।
তিনি বলেন, “অধ্যাদেশগুলোর প্রায় সব সংস্কারই আমরা গ্রহণ করেছি। যেগুলোতে আরও সংশোধনের প্রয়োজন রয়েছে, সেগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।”
মন্ত্রী আরও বলেন, জুলাই সনদের নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় আইনগত সংস্কার সম্পন্ন করা হবে এবং যেসব বিষয়ে সংশোধন প্রয়োজন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশে আসার পর তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং সরকার আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে একটি সমন্বিত মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সহজ হবে এবং দেশের পর্যটন খাত আরও এগিয়ে যাবে।