দেশে ক্যান্সার চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও বিস্তৃত করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন মেশিনগুলো ঢাকার বাইরে স্থাপন করা হলে নিজ নিজ এলাকায় কম খরচে ক্যান্সারের চিকিৎসা নেওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য রোগীদের ঢাকামুখী হওয়ার চাপও কমবে।
তিনি জানান, ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরে চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে দেশে রোবটিক সার্জারির সুবিধা চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে।
চাহিদা অনুযায়ী ১০টি রোবটিক সার্জারি মেশিন আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পাঁচটি চলতি বছরের মধ্যেই দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন পরিচালনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।
ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং ডেঙ্গু-পরবর্তী হৃদ্যন্ত্রের জটিলতার বিষয়টি বিবেচনায় চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।