ফোনালাপে পরশকে কাদের
জুলাই গণঅভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে একটি ফোনালাপ শোনানো হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশনের পক্ষ থেকে ফোনালাপটি উপস্থাপন করা হয়। সেখানে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশকে উদ্দেশ করে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, ‘কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন?’
জবাবে শেখ পরশ বলেন, তিনি বাইরে থাকলেও সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি জানান, ২৫ তারিখ থেকে বাইরে থাকলেও প্রতিদিনই তাদের সঙ্গে যোগাযোগ ছিল।
ফোনালাপে ওবায়দুল কাদের পরশকে পরবর্তী দিনের র্যালিতে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার কথা বলেন। জবাবে পরশ জানান, এ বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় ফোন করে উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন।
একপর্যায়ে ওবায়দুল কাদের বলেন, এ কারণেই তিনি পরশকে ফোন করেছেন। পরে ফোনালাপের সমাপ্তিতে শেখ পরশ বিভিন্ন জায়গায় যোগাযোগ করার কথা জানান।
মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।