উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি পেয়েও বিদেশযাত্রা ও প্রাথমিক আবাসনের খরচ নিয়ে আর্থিক অনিশ্চয়তায় পড়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাজমুল হাসান। এবার তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। এ সময় তার উচ্চশিক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তাকে অনুদান প্রদান করেন।
নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি উচ্চশিক্ষার জন্য সুইডেনের ইউনিভার্সিটি অব শেভদে থেকে পূর্ণ বৃত্তি অর্জন করেন নাজমুল। তবে বৃত্তি পেলেও বিদেশে যাতায়াত, প্রাথমিক আবাসনসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা নাজমুলের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা নাজমুলের এই অর্জন দেশের মেধাবী ও স্বপ্নবাজ তরুণদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।