বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মাধ্যমে নাগরিকরা সরাসরি পরিচ্ছন্নতা-সংক্রান্ত অভিযোগ জানাতে এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।
মঙ্গলবার (৭ জুলাই) ডিএসসিসির নগর ভবনে আয়োজিত ‘ক্লিন কেয়ার’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।
তিনি বলেন, পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ জানাতে এখন আর সিটি করপোরেশন কার্যালয়ে আসার প্রয়োজন হবে না। ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ করা যাবে এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা-ও জানা যাবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, কোন এলাকায় দক্ষ কর্মী প্রয়োজন, কোথায় পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো দরকার—এসব বিষয়ও অ্যাপের মাধ্যমে মনিটরিং করা হবে। এই অ্যাপ সিটি করপোরেশনের সঙ্গে নাগরিকদের জবাবদিহিতার একটি সেতুবন্ধন তৈরি করবে।
তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে সনাতন পদ্ধতি থেকে ডিজিটাল ব্যবস্থাপনায় নিয়ে যেতে কাজ করছে সিটি করপোরেশন। কোন এলাকায় কী পরিমাণ ও কী ধরনের বর্জ্য উৎপন্ন হচ্ছে, তা ডেটাবেজের মাধ্যমে বিশ্লেষণ করা হবে।
আব্দুস সালাম বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে জনগণ ও সিটি করপোরেশনের যৌথ দায়িত্ব রয়েছে। জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ।