দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত।
বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত ও বিশেষ টিকাদান কর্মসূচিগুলো অব্যাহত রাখার বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশে দুই কোটি শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে।
তবে দুই কোটি শিশুকে টিকা দেওয়ার পরও কর্মসূচি শেষ হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে, সেটিই সরকারের লক্ষ্য। এ কারণে এবারের কার্যক্রমকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে পরিচালনা করা হচ্ছে।
এই কর্মসূচির আওতায় দুর্গম ও প্রত্যন্ত এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপে কোনো কারণে টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শিশুর কাছে পৌঁছাতে প্রয়োজনে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ি এলাকা ও প্রত্যন্ত চরাঞ্চলে বসবাসকারী শিশুদের কাছেও টিকাদান কার্যক্রম পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এটি সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল।
আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি শিশুর জীবন গুরুত্বপূর্ণ। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের অঙ্গীকার বাস্তবায়নে দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত থাকবে।
টিকাদান কর্মসূচিতে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীদের ধন্যবাদ জানান তিনি।