বাংলাদেশে আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অ্যামচেম বাংলাদেশের নির্বাহী কমিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি উঠে আসে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল।
বৈঠকে অ্যামচেম জানায়, সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলো বর্তমানে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। এসব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে দেশের মোট কর রাজস্বের ২০ শতাংশের বেশি অবদান রাখছে বলেও জানানো হয়।
অ্যামচেমের পক্ষ থেকে বলা হয়, বিদ্যমান সদস্য প্রতিষ্ঠান ও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সম্ভাব্য মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার সুযোগ রয়েছে। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা চেয়েছে সংগঠনটি।
প্রতিনিধিদল সরকারের সাম্প্রতিক ব্যবসাবান্ধব সংস্কার উদ্যোগের প্রশংসা করে। নির্ধারিত সময়ে অনুমোদন ও লাইসেন্স প্রদান, সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা, কর ও ভ্যাট প্রশাসনের ডিজিটালাইজেশন, মূলধন ও মুনাফা প্রত্যাবাসন এবং কাস্টমস প্রক্রিয়া সহজ করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়।
ডিজিটাল অর্থনীতির বিকাশে ব্যক্তিগত তথ্য সুরক্ষা, এআই গ্রহণ, সাইবার নিরাপত্তা এবং সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদারের সুপারিশও করেছে অ্যামচেম।
এ ছাড়া প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন ও আর্থিক খাতে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ককে আরও কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ অর্থনৈতিক রূপান্তরের নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে অ্যামচেম ও বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।