পূর্ণাঙ্গ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ হস্তান্তর শেষে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। চলতি বছরের জুন মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে, যা মোট আক্রান্তের প্রায় ৫০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, সামনের সময়ে এ সংখ্যা আরও বাড়তে পারে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু পরীক্ষার কিটসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। তিনি নির্দেশ দেন, রোগী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়েও সমন্বিতভাবে ডেঙ্গু মোকাবিলার কার্যক্রম চলছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে মোবাইল হাসপাতালের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ প্রদান প্রসঙ্গে মন্ত্রী বলেন, এর মাধ্যমে ক্যানসার আরও নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হবে।
এ সময় তিনি জানান, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন।