ঈদুল আজহা সামনে রেখে বাংলাদেশের একটি মহিষ আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রাণীটির নাম রাখা হয়েছে ‘ট্রাম্প’— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর নাম অনুসারে।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের পর এবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছে রাশিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস। এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দূতাবাস রসাত্মক ভঙ্গিতে লিখেছে— বাংলাদেশের মহিষ ‘ট্রাম্প’ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করায় নাকি তার ‘মন ভালো নেই’।
ভাইরাল হওয়া এই মহিষটিকে দেখতে স্থানীয়ভাবে মানুষের ব্যাপক ভিড় তৈরি হয়েছে। অতিরিক্ত কৌতূহল ও মানুষের উপস্থিতির কারণে প্রাণীটি কিছুটা অস্বস্তিতে রয়েছে এবং খাবার গ্রহণও কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রুশ সংবাদমাধ্যমের তথ্যমতে, মহিষটির চুলের ধরন ও মুখাবয়ব অনেকের কাছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল রয়েছে— এই কারণেই এটি সামাজিক মাধ্যমে আলোচনায় আসে।
মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, তার ভাই প্রাণীটির নাম রেখেছেন ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে। তাদের ভাষ্য অনুযায়ী, মহিষটির মাথার লোমের ধরন ও চেহারার কিছু বৈশিষ্ট্য এ নামকরণের কারণ।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কয়েক দিনের মধ্যেই মহিষটি কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানা গেছে।