নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে বলে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার (১২ জুন) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইকরকান্দি স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আহ্বান জানান।
হুইপ অপু বলেন, “খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ শেখায়। নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার চর্চা আরও বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুবসমাজকে খেলাধুলামুখী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।
বক্তারা বলেন, ভেদরগঞ্জের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর চলমান কার্যক্রম প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে।