যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী রোববার জমা দেওয়া হবে। প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বুধবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রশ্নফাঁসের তথ্য পাওয়ার পর ঘটনার দিন সকাল ১০টার দিকে নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে তিন দিন সময় দেওয়া হয়েছিল। তবে কমিটি আরও কয়েক দিন সময় চাওয়ায় আগামী রোববার পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
মো. আমিনুল হক বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে চায় সরকার। প্রশ্নফাঁসের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পরীক্ষায় সব প্রার্থী যাতে অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকার আন্তরিক থাকবে।