রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা ও নগরের সৌন্দর্যবর্ধনে ৬১৫টি ডেকোরেটিভ পোল স্থাপন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডিএনসিসির স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম।
ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের যাতায়াতের সুবিধা বাড়ানোর পাশাপাশি নগরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই ৬১৫টি ডেকোরেটিভ পোল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব পোল স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, প্রতিটি শহরকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। জনগণের করের অর্থে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এবং স্থাপনের পর এসব পোলের রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে।
নগরের সৌন্দর্যবর্ধনে দীর্ঘদিন ধরে কাজ করা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্পের সঙ্গে যুক্তদের ধন্যবাদ জানান তিনি।
শফিকুল ইসলাম আরও বলেন, নির্বাচনী অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে। সবার সহযোগিতায় ঢাকাকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।