দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চলতি অর্থবছরের প্রয়োজনীয় টিকা কেনার জন্য ৪১২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯২ জন এবং হামের উপসর্গে ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ তিন মাসে হাম ও এর উপসর্গে মোট ৬৩১ জনের প্রাণহানি ঘটেছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ১৭০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৬২ হাজার ২৯২ জন হাসপাতাল ছেড়েছেন।
হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পর টিকা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ সময় ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স টিকার সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টিকা সংকটের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঁচ থেকে ছয়টি চিঠি পাঠানো হয়েছিল এবং এ বিষয়ে অন্তত ১০টি বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি দাবি করেন, বাংলাদেশে টিকার সম্ভাব্য ঘাটতির বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
জানা গেছে, ২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা আমদানি করা হতো। তবে ২০২৫ সালে তা রাজস্ব বাজেটের আওতায় এনে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় নেওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রশাসনিক ও কর্মসূচিগত কারণে টিকাদান কার্যক্রমেও বিঘ্ন ঘটে।
এদিকে একই বৈঠকে পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সার, গ্যাসোলিন ও ফার্নেস অয়েল কেনার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়।