জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মজনু মিয়া (২২) নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি এনসিপির মাদারগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশের ক্ষেতে ধান কাটতে যান মজনু। দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
নিহতের বাবা বাচ্চু মিয়া বলেন, “ছেলে সকালে ধান কাটতে গিয়েছিল। আমি জুমার নামাজে ছিলাম। নামাজ শেষে এসে শুনি আমার ছেলে আর বেঁচে নেই।”
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন, “মজনু মিয়া অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সম্ভাবনাময় একজন কর্মী ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য বড় ক্ষতি।”
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।