সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগানও দেন উপস্থিত কয়েকজন।
এর আগে বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।
মামলাটি দায়ের করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। এজাহারে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলা হয়।
এদিকে আদালত চত্বরে ঘটে যাওয়া ডিম নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে ছিল।
গাজী সালাউদ্দিন তানভীরকে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।