এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি দূর করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু সরকারি মুড়াপাড়া কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাস সার্ভিস চালু করেছেন।
পরীক্ষার আগে যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় থাকা শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগকে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। ব্যস্ত সড়কের যানজট ও গণপরিবহনের অনিশ্চয়তার মধ্যে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে প্রতিদিন এই বাস সার্ভিস পরিচালিত হবে।
পরীক্ষার্থী জারিফ হোসেন বলেন, আগে বাসের জন্য রাস্তায় অপেক্ষা করা বড় দুশ্চিন্তার বিষয় ছিল। এমপি দিপু ভূইয়ার এই উদ্যোগ তাদের সেই উদ্বেগ দূর করেছে এবং এখন তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন।
আরেক পরীক্ষার্থী কেয়া সুলতানা জানান, বাসে যাতায়াতের সময় শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার সুযোগ মিলবে। এতে পরীক্ষার্থীদের মানসিক চাপও অনেকটাই কমবে।
শিক্ষার্থীদের অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক অভিভাবক বলেন, সন্তানদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা হওয়ায় তারা এখন অনেকটাই নিশ্চিন্ত।
এ বিষয়ে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর এই উদ্যোগকে জনবান্ধব ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হচ্ছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু যাতায়াতের সমস্যার সমাধানই নয়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মনোবলও বাড়াবে।