বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে প্রতিটি শিশুই তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত ‘ব্লুস্কাই স্কুল’ পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ, বিভিন্ন সৃজনশীল কার্যক্রম এবং শারীরিক ও মানসিক উন্নয়নে পরিচালিত থেরাপি কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিদ্যালয়ের কর্মকর্তারা শিশুদের শিক্ষা, চিকিৎসা ও বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিশুদের ভবিষ্যৎ ও বিকাশ নিয়ে বক্তব্য দেন তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, যেকোনো আকাঙ্ক্ষার জন্য আকাশই শেষ সীমানা। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং প্রতিটি শিশুর জীবনই সম্ভাবনাময়। সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে তারা সেই আকাশ স্পর্শ করতে পারবে।
শিশুদের প্রতিভা ও সম্ভাবনার পূর্ণ বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো শিশুর বিকাশের পথে যেন বাধা তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
তিনি আরও বলেন, শিশুদের সঙ্গে সব সময় কোমল ও মানবিক আচরণ করতে হবে। তারা যাতে নিরাপদ, সহমর্মী ও সহায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করা সবার নাগরিক ও সামাজিক দায়িত্ব।