বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা শেয়ার করেছেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী।
বিয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!” তার এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (৬ জুন) ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দীপ্তি চৌধুরীর বিয়ের আক্দ সম্পন্ন হয়। পারিবারিক এ আয়োজনে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি লাভ করেন।
গণমাধ্যমকে দীপ্তি চৌধুরী বলেন, “আজ আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
জানা গেছে, তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।