খুব শিগগিরই জামায়াতের রাজনৈতিক পতন ঘটবে এবং এর জন্য দলটির নেতাকর্মীরাই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
শুক্রবার (১৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নিয়মিত তাকে গালিগালাজ ও আপত্তিকর বার্তা পাঠান। তিনি বলেন, দলটির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় এমন আচরণের শিকার হচ্ছেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াতের নেতাকর্মীদের আচরণ এবং রাজনৈতিক অযোগ্যতা ক্রমেই জনসম্মুখে প্রকাশ পাচ্ছে। তাদের বক্তব্য ও কর্মকাণ্ডই দলটির দুর্বলতা সামনে এনে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের নেতারা যত বেশি প্রকাশ্যে কথা বলবেন, তত বেশি তাদের ভুল, অসঙ্গতি ও সীমাবদ্ধতা জনগণের সামনে উন্মোচিত হবে। এ কারণেই অদূর ভবিষ্যতে দলটির রাজনৈতিকভাবে ‘নির্মম পতন’ ঘটবে বলে তিনি মনে করেন।
তবে এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।