সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, সরকারও চায় ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ, সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় এ লক্ষ্যেই কাজ করছে।
তিনি জানান, খাদ্য মন্ত্রণালয় নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুদ ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা ও সমাধানে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হচ্ছে।
পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্প প্রসঙ্গে আফরোজা খানম বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা চালু হবে, তা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টায় নারায়ণগঞ্জের সাইলোতে গিয়ে সাইলো এবং সেখানে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে খাদ্যশস্য সংরক্ষণ, মজুদ সক্ষমতা, মিলের কার্যক্রম ও খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। স্থাপনাগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
এ সময় নারায়ণগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।