রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে তার নিজ বাসার নিচে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে।
শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৫৫)। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ছয়জন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে নুরুল ইসলামকে তার বাসার নিচে লক্ষ্য করে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে তার মুখ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়।
পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের এডিসি জুয়েল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।