কারাগারে ফেরার পথে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। একই সঙ্গে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে নিজেকে ইসলামি আদর্শে গড়ে তোলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা গারদখানা থেকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় হাতকড়া পরা অবস্থায় পুলিশের পাহারায় থাকা মামুন মণ্ডল উপস্থিত লোকজনের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মামুন মণ্ডলকে বলতে শোনা যায়, তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এবং আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে আর আওয়ামী লীগের রাজনীতি না করার এবং ইসলামি আদর্শে নিজেকে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন। তিনি সবার কাছে দোয়া চান।
এর আগে বুধবার সকালে মামুন মণ্ডলকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে গাজীপুর জেলা গারদখানা থেকে পুনরায় কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছিল। সেই সময়ই তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।