সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ওপর প্রস্তাবিত সেতুর নির্মাণস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগ দিয়েছে প্রশাসন। তবে নিয়োগ নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু সার ডিলারশিপের নিয়োগ আগের সরকারের আমলে হয়েছিল। এসব ডিলারের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
দেশের যেসব জেলায় সারসংকট দেখা দিয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১-দলীয় জোটের বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তাঁর অভিযোগ, সরকারকে বিভ্রান্ত করতে ওই জেলাগুলোতে দলীয় লোকজনের মাধ্যমে সারসংকট তৈরি করা হয়ে থাকতে পারে।
অন্যদিকে, বিএনপির সংসদ সদস্য রয়েছেন এমন জেলাগুলোতে সার নিয়ে কোনো সমস্যা হয়নি বলে মন্তব্য করেন তিনি। তবে বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।