রাজধানীর পরীবাগ ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের সঙ্গে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও তার এক সহযোগীর বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জুবায়ের।
বুধবার (২৯ জুলাই) রাত ১টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
জুবায়েরের ভাষ্য অনুযায়ী, তার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম পরীবাগ ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের কিছু মানুষের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহে গিয়েছিলেন। তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং যাওয়ার আগে বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছিল বলে দাবি করেন।
তিনি বলেন, সাংবাদিক পরিচয়ে প্রশ্ন করার সময় কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পাল্টাভাবে ভিডিও ধারণ শুরু করেন। একপর্যায়ে তার সাংবাদিক বন্ধুর ওপরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেসবুক পোস্টে জুবায়ের আরও জানান, পুরো ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর জ্ঞাতসারেই ঘটেছে। কিন্তু ঘটনার আংশিক ভিডিও ছড়িয়ে দিয়ে তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি জুবায়ের ও তার সহযোগীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং বিভিন্ন অভিযোগ তোলেন। পরে উভয় পক্ষ থানায় যাওয়ার কথা বলতে বলতে ঘটনাস্থল ত্যাগ করেন। ভিডিওর শেষাংশে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে দেখা যায়।
তবে এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।