জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে বিশ্বমঞ্চে এটিই হতে যাচ্ছে তার প্রথম ভাষণ। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেবেন তিনি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী জানান, গণতান্ত্রিক রূপান্তর এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের লক্ষ্যগুলো প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পাবে। এর মধ্যে বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন, সংঘাত নিরসন, দারিদ্র্য বিমোচন ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার বিষয়গুলো অন্যতম।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসূচি ব্যস্ত থাকবে। ২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করবেন। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন পার্শ্ববৈঠকে অংশ নেবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। উচ্চপর্যায়ের এসব বৈঠকের সময়সূচি সাধারণত শেষ মুহূর্তে চূড়ান্ত হয় এবং তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সফরকালে রোহিঙ্গা সংকট নিয়েও বিশেষ পার্শ্ববৈঠকের আয়োজন করা হবে। এতে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে আলোচনা হবে এবং বিষয়টি বৈঠকগুলোর অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে থাকবে।