জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকজন যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য সিএনজি ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী জুলাইযোদ্ধাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজিচালিত অটোরিকশা দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি তিনি সিএনজি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন এবং শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ দেন।
কুষ্টিয়ার আলমডাঙ্গার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই আন্দোলনের সময় তিনি মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি আহতদের নিজের রিকশায় হাসপাতালে পৌঁছে দেন। তিনি জানান, একটি রিকশা নিজে চালাবেন এবং অন্যটি ভাড়া দেবেন।
এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।