ঢাকা শহরের ফুটপাত ও রাস্তা হকারদের জন্য বরাদ্দ দেওয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। হকার ব্যবস্থাপনা নীতিমালার আওতায় ফুটপাত ও রাস্তা বরাদ্দ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।
আদালত স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
এর আগে ঢাকা শহরের ফুটপাত ও রাস্তা হকারদের বরাদ্দ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মো. সোহেবুজ্জামান। আদালতে রিটের পক্ষে শুনানিও করেন তিনি।
শুনানিতে আরও অংশ নেন আইনজীবী মো. ফিরোজ হাওলাদার, মো. ওবায়দুল্লাহ আল মামুন সাকিব, সুব্রত মন্ডল, মো. মোরশেদুল ইসলাম, ইশরাত জাহান, তানিয়া নিশাত, জিনাত পারভীন, আলা উদ্দিন আল আজাদ, কোরাইশ সরকার, মো. নেওয়াজ শরীফ, শাম্মী আক্তার ও জামিয়া আক্তার শরীফ।
আদেশের পর রিটকারী আইনজীবী সাংবাদিকদের বলেন, ফুটপাত ও রাস্তা হকারদের জন্য বরাদ্দ দেওয়ার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তিনি দাবি করেন, এটি জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করছে।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনের ৩৭ ধারায় রাস্তার উভয় পাশে অন্তত ১০ মিটার জায়গা ফাঁকা রাখার কথা বলা হলেও হকারদের জন্য ফুটপাত বরাদ্দ দিয়ে সেই আইন লঙ্ঘন করা হচ্ছে।