রাজধানীর চারপাশের চারটি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে নদী দূষণের উৎসগুলো বন্ধ করে নৌপথকে আরও কার্যকর ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রোববার (২ আগস্ট) এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের চার নদীতে বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এর আগে পরিচালনাগত সমস্যা ও আগের অভিজ্ঞতাগুলো পর্যালোচনা করে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই নৌপথ পরিচালনায় ১০ বছরে ৫৭ কোটি টাকার লোকসান হয়েছিল। তাই এবার টেকসই পরিকল্পনার মাধ্যমে নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে ৪২৪টি স্থান দিয়ে নদীতে দূষণ ছড়াচ্ছে। এসব দূষণের উৎস চিহ্নিত করে তা বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক যোগাযোগের পাশাপাশি নৌপথকেও কার্যকর ও ব্যবহার উপযোগী করার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে একটি বোর্ড গঠন করে নৌপথকে জনগণের জন্য উন্মুক্ত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। নৌপথকে জনবান্ধব করতে সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।