বাংলাদেশ ব্যাংক সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলনকক্ষে গভর্নর মোস্তাকুর রহমান নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।
নতুন মুদ্রানীতিতে লেন্ডিং ফ্যাসিলিটি (Standing Lending Facility) ১১.৫ শতাংশ এবং ডিপোজিট ফ্যাসিলিটি (Standing Deposit Facility) ৭.৫ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।
এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ শতাংশ।
গভর্নর মোস্তাকুর রহমান বলেন, কিছু ব্যাংকে অতিরিক্ত তারল্য থাকায় তারা অস্বাভাবিক সুবিধা নিচ্ছে। এ কারণে আমানতকারী ও ঋণগ্রহীতা—উভয়ের স্বার্থ রক্ষায় সুদের স্প্রেডের সীমা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, কোনো ব্যাংক এক্সিট সুবিধা পেলেই দায়মুক্তি পাবে না। অর্থঋণ সংক্রান্ত মামলাগুলো সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিষ্পত্তির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।
গভর্নর জানান, তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে এখন পর্যন্ত ১৩ হাজার কোটি টাকার বেশি সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।