ইতিহাসে স্বৈরশাসকদের পরিণতি থেকে শেখ হাসিনা শিক্ষা নেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার মতে, ইতিহাসের শিক্ষা নিলে শেখ হাসিনা অন্তত বিরোধী দলে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারতেন।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে, নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতায় যাওয়ার পর স্বৈরাচারী শাসকদের মধ্যে গুম, হত্যা ও মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার প্রবণতা তৈরি হয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা দিয়েও তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেননি।
তথ্যমন্ত্রী দাবি করেন, দেশ ও জাতির প্রতি তারেক রহমানের ত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বইটির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি দেশের রাজনৈতিক ইতিহাসে তারেক রহমানের ভূমিকা নিয়েও আলোচনা করেন।