গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন শাহিদ আলম। কমিটি গঠনের মাত্র আট দিনের মাথায় শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে তিনি পদত্যাগ করেন।
রোববার (৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান শাহিদ আলম। একই সঙ্গে তিনি গোপালগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকেও অব্যাহতি চেয়েছেন এবং ভবিষ্যতে আর রাজনীতিতে যুক্ত না হওয়ার কথা জানিয়েছেন।
পদত্যাগের বিষয়ে শাহিদ আলম বলেন, শারীরিক ও পারিবারিক সমস্যার পাশাপাশি তার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে ব্যবসায় ক্ষতি হয়েছে। এসব কারণে রাজনীতি পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে জেলা এনসিপির সদস্যসচিব ফেরদৌস আমিনা জানিয়েছেন, শাহিদ আলম পদত্যাগপত্র জমা দিলেও সেটি এখনো গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, শাহিদ আলম কমিটি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। তবে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় সংগঠন নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে কমিটির অনুমোদন দেন।