বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, নীতিগত সংস্কার এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা হবে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই প্রবৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য সহজ নীতি, নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এর আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।