প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। রাজধানীকে এই পরিস্থিতি থেকে বের করে আনা অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সভ্য দেশ হওয়ার পরও পরিকল্পনাহীনভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজধানীর পরিবেশ ও বাসযোগ্যতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো পরিবেশ বিষয়ে যথেষ্ট সচেতন নন। তাই পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে কোন পরিবেশে কোন ধরনের গাছ লাগানো উচিত, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী ক্ষতিকর প্রজাতির গাছ, বিশেষ করে ইউক্যালিপটাস লাগানো থেকে বিরত থাকার অনুরোধ জানান।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য সাতটি ক্যাটাগরিতে ২১ জনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) ইকোনমিস্ট গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) বিশ্বের ১৭৩টি শহরের বসবাসযোগ্যতা সূচক প্রকাশ করে। ওই তালিকায় বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।