সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার মোট ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ক্যাম্পেইন চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন উপজেলা পর্যায়ে এবং দুর্গম এলাকায় পরবর্তী চার দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এবারের ক্যাম্পেইনের জন্য সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ বিভিন্ন স্থানে ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ড. এম এ মুহিত বলেন, ১৯৯৫ সাল থেকে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ, অপুষ্টি হ্রাস এবং শিশু মৃত্যুর হার কমাতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও জানান, ৬ মাসের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হয় না, কারণ তারা বুকের দুধ থেকেই প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ পেয়ে থাকে।