জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মুক্তিযোদ্ধা সংক্রান্ত একটি বিলের আলোচনায় অংশ নিয়ে সংসদে নিজের পরিবারের মুক্তিযুদ্ধকালীন অবদানের কথা তুলে ধরেন এই সংসদ সদস্য।
গত ১৪ জুন দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।”
বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার নির্বাচনী হলফনামা ও প্রকাশ্য তথ্য নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী, তার জন্মতারিখ ১৯৮১ সালের ১০ জানুয়ারি উল্লেখ রয়েছে। সংসদীয় বক্তব্যেও তিনি নিজের জন্মসাল ১৯৮১ বলে উল্লেখ করেন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী তার বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কেউ কেউ বক্তব্যের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে ব্যাখ্যার দাবি জানান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রয়োজন হতে পারে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাফেজ আব্দুল মুনতাকিম বা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।