গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ গত পাঁচ মাসে বর্তমান সরকার পরিশোধ করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর অধিবেশনের কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চিফ হুইপ বলেন, গত পাঁচ মাসে শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে বর্তমান সরকার।
তিনি জানান, জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মোট ছয়টি বিল পাস হয়েছে। এ ছাড়া ১২৪টি নোটিশের ওপর আলোচনা এবং ১ হাজার ৬৭৮টি প্রশ্নের আলোচনা হয়েছে।
নূরুল ইসলাম মনি বলেন, এবারের অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর আইনসহ গুরুত্বপূর্ণ আইন পাস হয়েছে। এসব আইন সাধারণ মানুষের অধিকার এবং বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
তবে এসব আইন পাসের ক্ষেত্রে বিরোধী দলের বিরোধিতা করাকে দুঃখজনক বলে মন্তব্য করেন চিফ হুইপ।
তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থ ও সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এসব আইন নিয়ে বিরোধী দলের আপত্তি ও বিরোধিতা কাম্য নয়।