লং মার্চ করে যদি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো, তাহলে সবার আগে বিএনপিই লং মার্চ করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। তিনি বলেন, দেশের মানুষের সার্বিক কল্যাণ ও ভাগ্যের উন্নয়নে সরকার কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আট দিনের সফরে বরগুনায় গেছেন বরগুনা-২ আসনের এই সংসদ সদস্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দলীয় নেতাকর্মীদের প্রতি তাঁর নির্দেশনার প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, জাতীয় সংসদের একটি বিশেষ সভায় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। সেখানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চলা এবং তাঁদের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দলের মধ্যে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তারেক রহমানের নেতৃত্বকে দেশের জন্য সৌভাগ্য হিসেবে উল্লেখ করে চিফ হুইপ বলেন, বাংলাদেশের জন্য এটি সৌভাগ্যের বিষয় যে তারেক রহমানের মতো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছেন। তাঁর ভাষ্য, বর্তমান নেতৃত্বের সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে দেশ আরও ভালোভাবে পরিচালিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।