তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সকলকে সঙ্গে নিয়েই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করবে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ ক্ষেত্রে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং একটি কার্যকর রূপরেখা তৈরি করে লক্ষ্যে পৌঁছাতে চায়।
তিনি আরও বলেন, প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে একত্র করা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
একই অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারও ভুল করতে পারে—এ কথা স্বীকার করা গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সেই ভুলগুলো গঠনমূলকভাবে তুলে ধরবে এবং দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।