রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা বন্ধ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ আয়োজনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) শহীদ ফারুক সড়কে আয়োজিত এ সমাবেশকে কেন্দ্র করে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
সমাবেশের কারণে সড়কে চলাচলে বিঘ্ন ঘটায় কয়েকজন পথচারী ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সমাবেশস্থলের আশপাশের গলিতেও এনসিপির নেতাকর্মীদের ভিড় রয়েছে। এ সময় চলাচলে অসুবিধার কারণে এক মধ্যবয়স্ক নারী ও এক তরুণী সমাবেশে উপস্থিত দলটির নেতাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন।
তাদের বলতে শোনা যায়, রাস্তা বন্ধ থাকায় নারীদের চলাচলে সমস্যা হচ্ছে এবং এভাবে সড়ক বন্ধ করে সমাবেশ আয়োজনের কারণে সাধারণ মানুষ কীভাবে চলাচল করবে—তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
সরকারের প্রতি বিভিন্ন দাবি জানিয়ে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।