২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই আসরকে ঘিরে নতুন এক উদ্বেগ তৈরি হয়েছে—বজ্রঝড়ের কারণে ম্যাচ দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে।
‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কঠোর আবহাওয়া নিরাপত্তা নীতির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
নিয়ম অনুযায়ী, স্টেডিয়াম থেকে আট মাইলের মধ্যে কোনো বজ্রপাত বা বৈদ্যুতিক ঝড় শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ম্যাচ বন্ধ করতে হবে। এরপর বাধ্যতামূলকভাবে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। তবে এই সময়ের মধ্যে আবারও বজ্রপাত হলে কাউন্টডাউন পুনরায় শূন্য থেকে শুরু হবে। ফলে টানা ঝড় চলতে থাকলে ম্যাচ অনির্দিষ্টকাল স্থগিত থাকতে পারে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গ্রীষ্মকালীন আবহাওয়ায় ঘন ঘন বজ্রঝড় হয়, যা বিশ্বকাপ ভেন্যুগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
আরেকটি জটিলতা হলো, ফিফার কাছে স্থানীয় এই নিরাপত্তা নিয়ম পরিবর্তন বা উপেক্ষা করার কোনো ক্ষমতা নেই। ফলে পরিস্থিতি অনুযায়ী ম্যাচ বন্ধ বা পুনরায় শুরু করার সিদ্ধান্ত আবহাওয়া নীতির ওপরই নির্ভর করবে।
ফিফা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আবহাওয়া কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সমন্বয় করছে এবং ১৬টি ভেন্যু শহরে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সব স্টেডিয়ামে রিয়েল-টাইম আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা থাকবে।