চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, র্যাব-পুলিশের ক্যাম্প ভেঙেছে এবং সরকারি জায়গা দখল করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলাকার কিছু টিলা ও পাহাড়ে এখনও বিচ্ছিন্ন সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে। তবে জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসীদের জনপদ হিসেবে থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং সরকারি সম্পত্তি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের সময় তিনি এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের ঘোষণা দেন। জানান, জঙ্গল সলিমপুরের সড়ক অবকাঠামো উন্নয়ন করে তা সীতাকুণ্ড, চট্টগ্রাম শহর, হাটহাজারী ও কক্সবাজারমুখী সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে, যাতে এলাকার মানুষের যাতায়াত সহজ হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়।
উচ্ছেদ নিয়ে স্থানীয়দের মধ্যে যে উদ্বেগ রয়েছে, সে বিষয়ে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বসবাসরত সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না। বিএনপি জনগণের সরকার এবং জনগণের স্বার্থ রক্ষা করাই সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, উচ্ছেদ নিয়ে এলাকায় কেউ যেন গুজব বা আতঙ্ক ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
এ সময় নতুন কারাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জঙ্গল সলিমপুরের বায়েজিদ অংশে নতুন কারাগার নির্মাণের জন্য উপযুক্ত খালি জায়গা নির্ধারণ করা হয়েছে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।