প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এ তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশটিতে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা।
এ ছাড়া জ্বালানি, অবকাঠামো, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।