নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঘরের দরজা ও আলমারি ভাঙার অভিযোগ তুলে ফেসবুকে পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমানের বিরুদ্ধে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পুলিশকে উদ্দেশ করে লেখেন, ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া।’ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পোস্টে আতিকুর রহমান কোম্পানীগঞ্জ থানার সদ্য বদলি হওয়া ওসি মোহাম্মদ নুরুল হাকিমের তাৎক্ষণিক বদলির প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, ‘বদলি কি সব সমস্যার সমাধান?’
তিনি আরও অভিযোগ করেন, কয়েকজন পুলিশ সদস্যের নেতৃত্বে তার বাড়িতে ‘ন্যক্কারজনক হামলা’ চালানো হয়েছে। একই পোস্টে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি নুরুল হাকিম ও পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আলমের নেতৃত্বে পরোয়ানাভুক্ত আসামি আতিকুর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান বলে জানায় পুলিশ।
অভিযানের সময় তার ঘরের দরজার তালা ভাঙার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ করে।
আতিকুর রহমান অভিযোগ করে বলেন, পুলিশ তার বাড়িতে গিয়ে ঘরের দরজা ও আলমারি ভেঙে ফেলে। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে কয়েকটি থেকে তিনি ২০২৩ ও ২০২৪ সালে খালাস পেয়েছেন। পরে এসব মামলার নকল নিয়ে সোমবার থানায় জমা দিয়েছেন বলেও জানান তিনি।
তবে ঘরের দরজা ও আলমারি ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ওসি নুরুল হাকিম। তিনি বলেন, আতিকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তাকে গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালানো হয়েছে। ঘরের দরজা ও আলমারি ভাঙার অভিযোগটি ‘সাজানো’ বলেও দাবি করেন তিনি।