দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবা ও সৎ ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)। তারা একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর জমি দুই পরিবারে সমানভাবে ভাগ করে দেন শহিদুল ইসলাম। তবে ভুট্টা ক্ষেতের ফসল নিয়েও নতুন করে বিরোধ তৈরি হয়।
মঙ্গলবার ভোরে ভুট্টা ক্ষেতের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শহিদুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল লোহার রড দিয়ে বাবা ও সৎ ভাইয়ের ওপর হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কাবিলকে সৈয়দপুরের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।