ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ বাহিনী গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (UNCOPS-2026)-এ বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনের নিরাপত্তা চ্যালেঞ্জ শুধু প্রচলিত সক্ষমতা দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। আন্তঃসীমান্ত অপরাধ, সংঘবদ্ধ অপরাধচক্র এবং নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় উচ্চ দক্ষতাসম্পন্ন জনবল, বিশেষায়িত সক্ষমতা এবং উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ও গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ইউনিটগুলোকে আরও দক্ষ, আধুনিক ও প্রস্তুত করতে বাংলাদেশ বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও উত্তম অনুশীলনের আদান-প্রদান জোরদারের লক্ষ্যে একটি ‘জাতিসংঘ পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাবও দেন তিনি।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনকে উদীয়মান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ‘এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স’ আয়োজনের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।