নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ গ্রেপ্তার আব্দুর রাহিমের সঙ্গে জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য প্রার্থী বোরহান উদ্দিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাদের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এছাড়া গ্রেপ্তার যুবকের সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতপন্থি বিভিন্ন পোস্টও পাওয়া গেছে বলে জানা গেছে। তবে ওই যুবকের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে দাবি করেছে দলটি।
সোমবার (৮ জুন) রাতে এক প্রতিবাদলিপিতে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ জানান, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আব্দুর রাহিমের সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। নির্বাচনি প্রচারণার সময় সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীদের ছবি তোলা স্বাভাবিক বিষয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, একটি ছবি দিয়ে কাউকে জামায়াতের কর্মী বা সমর্থক হিসেবে চিহ্নিত করা ঠিক নয় এবং এটি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, গ্রেপ্তার আব্দুর রাহিম স্থানীয় ছাত্রদল নেতা রাকিবুল হাসান সম্রাটের ঘনিষ্ঠ ব্যক্তি এবং যে মোটরসাইকেলসহ তিনি গ্রেপ্তার হয়েছেন সেটি সম্রাটের। বিএনপি নিজেদের দায় এড়াতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে উপজেলা জামায়াত।
প্রসঙ্গত, সোমবার (৮ জুন) সন্ধ্যায় বেগমগঞ্জ থানার বাংলাবাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজসংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে আব্দুর রাহিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তল্লাশিকালে তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রেজিস্ট্রেশনবিহীন রয়েল এনফিল্ড মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) জানান, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অস্ত্রের উৎস ও সম্ভাব্য ব্যবহার নিয়ে তদন্ত চলছে।